
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ ‘হরমুজ প্রণালি’ নিয়ে বড় ঘোষণা দিয়েছে ইরান। লেবাননে চলমান ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর থাকাকালীন এই প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে, সাময়িক এই যুদ্ধবিরতির সময়কালে নৌ-চলাচলের নিরাপত্তা এবং বাণিজ্যের অবাধ প্রবাহ বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে চলমান অস্থিরতার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছিল, যার সরাসরি প্রভাব পড়েছিল বিশ্ব জ্বালানি বাজারে। ইরানের এই সিদ্ধান্তের ফলে পণ্যবাহী ও জ্বালানিবাহী জাহাজগুলো এখন কোনো বাধা ছাড়াই যাতায়াত করতে পারবে।
বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় ২০ শতাংশই এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত কয়েক দিনে ইউরোপ ও এশিয়ায় জ্বালানি তেলের যে তীব্র সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল, ইরানের এই ‘উন্মুক্ত’ ঘোষণার ফলে তা অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে আকাশপথে চলাচলের জন্য প্রয়োজনীয় ‘জেট ফুয়েল’ সংকটে থাকা দেশগুলোর জন্য এটি একটি বিশাল সুযোগ।