
ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এককভাবে যুদ্ধ পরিচালনার ক্ষমতা খর্ব করার লক্ষ্য নিয়ে আনা একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব মার্কিন সিনেটে আবারও নাকচ হয়ে গেছে। এর মাধ্যমে ট্রাম্পের যুদ্ধকালীন বিশেষ ক্ষমতা সীমিত করার ডেমোক্র্যাটদের পঞ্চম প্রচেষ্টাও ব্যর্থ হলো।
প্রস্তাবটি পাসের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। সিনেটের ভোটাভুটিতে ৪৬ জন সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দিলেও ৫১ জন এর বিপক্ষে অবস্থান নেন। ফলে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা অটুট থাকল।
ভোটের আগে সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট চাক শুমার রিপাবলিকান সিনেটরদের কঠোর সমালোচনা করে তাদের ‘রিপাবলিকান পুতুল’ বলে অভিহিত করেন। তিনি মন্তব্য করেন, প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ শেষ করার ব্যাপারে কেবল ‘ফাঁকা প্রতিশ্রুতি’ দিয়ে আসছেন। শুমার আরও বলেন, রিপাবলিকানরা যুদ্ধ বন্ধের এই পঞ্চম সুযোগটিও কাজে লাগাতে ব্যর্থ হয়ে তাদের আনুগত্য প্রমাণ করেছেন।
বিশ্লেষকদের মতে, এই ভোটের ফলে ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীন। বিশেষ করে হরমুজ প্রণালিতে সাম্প্রতিক উত্তেজনা এবং মার্কিন নৌবাহিনী কর্তৃক ইরানি জাহাজ আটকের ঘটনার পর এই ক্ষমতা অর্জন তেহরানের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।