নিউজ ডেস্ক: খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) রামগড় জোন এর আওতাধীন চট্টগ্রামের ভূজপুর থানার আধাঁরমানিক বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। শনিবার (১৭ জানুয়ারী) রাতে গোপন সংবাদদের ভিক্তিতে একেখান চা বাগান নামক সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের জোন অধিনায়কের দিক-নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৮/৪ আরবি হতে আনুমানিক ৪শত গজ বাংলাদেশের অভ্যন্তরে একেখান চা বাগান নামক স্থানে ফাঁদ পাতে বিজিবি জোয়ানরা। রাত ৯টার দিকে ২ চোরাকারবারীকে বাংলাদেশের দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ২টি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ২টি বস্তার ভিতর থেকে ৬টি প্যাকেটে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আহসান-উল-ইসলাম জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন যথাযথ কর্তৃপক্ষ।