
রতন বৈষ্ণব ত্রিপুরা, নিউজ ডেস্ক:
রামগড়ে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ডোর টু ডোর ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছে রামগড় উপজেলা বিএনপি পরিবার।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি ২৯৮ নং আসনের জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়াকে দলীয় প্রার্থীতা নির্বাচনে সবুজ সংকেত পেয়েছেন বলে জানান অত্র জেলার নেতাকর্মীরা। এদিকে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

পৌর বিএনপির সাধারন সম্পাদক শেফায়েত উল্লাহ বলেন, জনসংযোগ কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ করছে এবং ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং জনগণকে ঘোষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে অবহিত করেন।
কর্মসূচির চলাকালীন সময়ে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু বলেন,জনগণের পাশে থেকে তাদের সমস্যার কথা শুনতে, ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে বিএনপি পরিবার জনগনের বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষের ৩১ দফার বার্তা পৌঁছে দিচ্ছে।
পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন বলেন, আমাদের একটাই উদ্দেশ্য- ওয়াদুদ ভূইয়ার হাতকে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। পার্বত্যাঞ্চল ও দেশের মানুষ মুক্ত গণতন্ত্র, ন্যায়বিচার ও নিরাপত্তা চায়। বিএনপি সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি একটি জনগণকেন্দ্রিক রূপরেখা। এর মূল লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা।
