
রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড় খাগড়াছড়ি থেকে: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি’র ২৯৮ নং আসনে দলের চূড়ান্ত প্রার্থী মনোনীত হয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ ওয়াদুদ ভুইয়া।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ধারবাহিকভাবে একে একে দেশের বিভিন্ন বিভাগসহ জেলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করার এক পর্যায়ে খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূইয়ার নাম ঘোষণা করা হয়। তিনি ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে বিএনপির প্রার্থী ঘোষণার পর রামগড়সহ পুরো খাগড়াছড়ি জেলাতে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, ইতিমধ্যেই রামগড়সহ পুরো জেলাজুড়ে মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার নেতৃত্বে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সাধারণ জনগনের বাড়ি বাড়ি গিয়ে মতামতসহ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে দলীয় ভাবে মনোনয়ন পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া তাঁর ফেসবুক পেইজে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রার্থী হিসেবে আমি ওয়াদুদ ভূইয়া-কে মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জাতীয় স্থায়ী কমিটি’র সম্মানিত সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় খাগড়াছড়িবাসি, আমার দলের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং যারা আমার জন্য মাঠে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন; আমার প্রতি আপনাদের আশির্বাদ ও অকুন্ঠ সমর্থনের জন্য। আর যারা কোন কারনে আমাকে প্রত্যাশা করেননি বা সমর্থন করতে পারেননি তাদেরকে “ধানের শীষ”-এর পক্ষে আমার সাথে কাজ করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।
