
নিউজ ডেস্ক:
খাগড়াছড়ির রামগড়ে লাইসেন্সবিহীন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং পরিবেশ রক্ষার্থে অবৈধ ইটভাটায় সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় প্রসিকিউশন প্রদান করেন খাগড়াছড়ি জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নুরুল আমীনসহ সার্বিক সহযোগিতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মেদ, রামগড় থানার অফিসার ইনচার্জ নাজির আলম ও তার সঙ্গীয় পুলিশের একটি টিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া এবং রামগড় পৌরসভার প্রকৌশলী অর্ণব চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম এ প্রতিনিধিকে জানান, রামগড় পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডের অন্তর্গত ফেনীরকুল, সোনাইপুল নামক স্থানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর অধীন মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ইট ভাটাকে উক্ত আইনের ৮(১)(খ) ধারায় উল্লিখিত নিষিদ্ধ পৌর এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার অপরাধে একই আইনের ১৮(১) ধারায় ২(দুই) লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগীতায় উক্ত ইটভাটায় জ্বালানো আগুন নিভিয়ে ফেলাসহ ইটভাটাটির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা প্রদান করা হয়। # রতন বৈষ্ণব ত্রিপুরা।
