
নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্বাচনকালীন দায়িত্ব পালনে সদাপ্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি পেশাদার ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
বুধবার (২৮জানুয়ারি) সকালে রামগড় ব্যাটালিয়ন ( ৪৩বিজিবি) সদরদপ্তরে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল আহসান উল ইসলাম।
তিনি বলেন, নির্বাচন উপলক্ষে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ভোটাররা যেন ভীতিহীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি দায়িত্ব পালন করবে।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বিভিন্ন অপ্রীতিকর ঘটনা রোধে টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।
প্রেসব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৮৯টি উপজেলায় বিজিবি দায়িত্ব পালন করবে, যার মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বাহিনীটি এককভাবে দায়িত্ব পালন করবে।
এর অংশ হিসেবে বিজিবি চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ গুইমারা সেক্টরসহ ৩টি ব্যাটালিয়ন, ২টি জেলা ও ৭ উপজেলার ৩টি সংসদীয় আসনের ৩৪৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে ১০টি বেইজ ক্যাম্প স্থাপনের মধ্যেদিয়ে বিজিবি মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে মাটিরাঙা উপজেলার ৩২টি ভোটকেন্দ্রে ২টি বেইজ ক্যাম্প, গুইমারা উপজেলায় ১৩টি ভোটকেন্দ্রে ১টি বেইজ ক্যাম্প, মানিকছড়ি উপজেলায় ২১টি ভোটকেন্দ্রে ১টি বেইজ ক্যাম্প, লক্ষীছড়ি উপজেলায় ১২টি ভোটকেন্দ্রে ১টি বেইজ ক্যাম্প, রামগড় উপজেলায় ২০টি ভোটকেন্দ্রে ১টি বেইজ ক্যাম্প, মীরসরাই উপজেলায় ১০৬টি ভোটকেন্দ্রে ২টি বেইজ ক্যাম্প ও ফটিকছড়ি উপজেলায় ১৪০টি ভোটকেন্দ্রে ২টি বেইজ ক্যাম্পে দায়িত্ব পালন করবে এবং অতিরিক্ত ২-৪ প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে।
এসময় জানানো হয়, ভোটকেন্দ্র পরিদর্শন, ড্রোন নজরদারি, ঝুঁকি মূল্যায়ন, নিরাপত্তা মহড়া ও সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রয়োজনে র্যাপিড অ্যাকশন টিম, কে-৯ ডগ স্কোয়াড ইউনিট, কুইক রেস্পন্স ফোর্স ও হেলিকপ্টার ব্যবহারের সদাপ্রস্তুতি রয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল আহসান উল ইসলাম বলেন,বিজিবি নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে জনগণের আস্থা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জোন এর ডা: ক্যাপ্টেন অতশী দেবনাথ বিন্তি, সহকারী পরিচালক মুহাম্মদ শামুছুল হকসহ ব্যাটালিয়নের কর্তব্যরত বিজিবি সদস্য বৃন্দ। # রতন বৈষ্ণব ত্রিপুরা।
