
দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানিকৃত ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল পাম্পিং শুরু হয়েছে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির ডিপোতে এসে পৌঁছাবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এই পাম্পিং কার্যক্রম শুরু হয়।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানিয়েছেন, পাম্পিং শুরু হওয়ার পর থেকে ৪৫ ঘণ্টার মধ্যে পুরো চালানটি পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে। সেই হিসেবে শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে ডিজেলের এই বিশাল চালান দেশে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
জ্বালানি বিভাগ থেকে জানানো হয়েছে, বর্তমানে দেশে ডিজেলের কোনো ঘাটতি নেই। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ৭ এপ্রিল আসা ৮ হাজার মেট্রিক টন ডিজেল বর্তমানে বিতরণ করা হচ্ছে। এছাড়া মার্চ মাস থেকে এ পর্যন্ত কয়েক দফায় মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে দেশে আনা হয়েছে।
কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, জ্বালানির মজুত পর্যাপ্ত থাকায় এবং পাইপলাইনের মাধ্যমে নিয়মিত সরবরাহ আসায় পাম্পগুলোতে তেলের কোনো সংকট হবে না।
