
আকাশচুম্বী সাফল্য আর গতির রোমাঞ্চ নিয়ে আবারও বড় পর্দায় ফিরছে ‘টপ গান’। হলিউড সুপারস্টার টম ক্রুজের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স। গত বৃহস্পতিবার লাস ভেগাসের এক বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
২০২২ সালে মুক্তি পাওয়া ‘টপ গান: ম্যাভরিক’ বিশ্বব্যাপী ১.৫ বিলিয়ন ডলারের বেশি আয় করে সিনেমা ইতিহাসে নতুন রেকর্ড গড়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তৃতীয় কিস্তির চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে। এরিক ওয়ারেন সিঙ্গার, ইহরান ক্রুগার এবং ক্রিস্টোফার ম্যাককোয়ারি এবারের গল্পের দায়িত্ব পালন করছেন।
টম ক্রুজের সিনেমার অন্যতম বৈশিষ্ট্য হলো এর চরম বাস্তবতা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। জানা গেছে, সিনেমায় বিশেষ কোনো ডিজিটাল ইফেক্ট ব্যবহার না করে বাস্তবের যুদ্ধবিমান চালানোর রোমাঞ্চকর দৃশ্য সরাসরি ধারণ করা হবে। টম ক্রুজ বরাবরের মতো ‘লেফটেন্যান্ট পিট ম্যাভেরিক মিচেল’ চরিত্রেই পর্দায় হাজির হবেন। সঙ্গে আরও দেখা যেতে পারে মাইলস টেলার ও গ্লেন পাওয়েলকে।
১৯৮৬ সালে মুক্তি পাওয়া প্রথম ‘টপ গান’ টম ক্রুজকে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। দীর্ঘ ৩৬ বছর পর মুক্তি পাওয়া দ্বিতীয় কিস্তি নতুন ও পুরনো—উভয় প্রজন্মের দর্শকদের মন জয় করে। ‘টপ গান থ্রি’ প্রেক্ষাগৃহে আসতে আরও কয়েক বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে, তবে কাজ শুরু হওয়ার খবরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়।
