
এপ্রিলের তীব্র তাপপ্রবাহ শেষে দেশজুড়ে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে এই বৃষ্টি আশীর্বাদের পাশাপাশি উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর জন্য বন্যার শঙ্কাও বয়ে আনছে। উজানের ঢল ও অতিভারি বৃষ্টির কারণে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনাসহ বেশ কিছু জেলায় আকস্মিক বন্যা হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া মৃদু ও মাঝারি তাপপ্রবাহ শনিবার বিদায় নিয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশজুড়ে টানা বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, আজ সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন বিভাগে বজ্রমেঘ তৈরির প্রক্রিয়া শুরু হবে। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্রের প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানিয়েছেন, ভারতের মেঘালয় অংশে ভারি বৃষ্টির প্রভাবে উজান থেকে আসা ঢলে বাংলাদেশের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই ও কংস নদের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজারের নিম্নাঞ্চল ও হাওর এলাকায় আকস্মিক বন্যা হতে পারে।
২০১৭ সালের ভয়াবহ অকাল বন্যার স্মৃতি মাথায় রেখে পানি উন্নয়ন বোর্ড হাওর এলাকার কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে। বন্যা শুরুর আগেই ফসল ঘরে তুলতে না পারলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
